হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের পাল্টা জবাব, নিহত ৪
ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাবে ইয়েমেনের রাজধানী সানায় পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামলায় একটি সামরিক স্থল, প্রেসিডেন্ট ভবন, দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি জ্বালানি সংরক্ষণ স্থল লক্ষ্যবস্তু করা হয়। এতে ১০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়। সবচেয়ে দূরবর্তী লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল থেকে প্রায় ২ হাজার কিলোমিটার দূরে।
হুতি পরিচালিত আল-মাসিরাহ টিভি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, হামলায় অন্তত চারজন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, হুতিদের নিক্ষেপ করা প্রতিটি ক্ষেপণাস্ত্রের জন্য তাদের বহুগুণ মূল্য দিতে হবে। তিনি আরও যোগ করেন, আজ আমরা হুতিদের উপর অন্ধকার নামিয়ে এনেছি এবং ভবিষ্যতে তাদের সন্তানদের ওপরও আঘাত হানা হবে।