অসুস্থ খালেদার খোঁজখবর নিলেন ইসহাক দার, আরোগ্য কামনা করলেন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্, গাস্ট ২৫, ২০২৫

অসুস্থ খালেদার খোঁজখবর নিলেন ইসহাক দার, আরোগ্য কামনা করলেন। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার আশু আরোগ্য কামনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (২৪ আগস্ট) রাত ৭টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ হয়। প্রায় ৪৫ মিনিটের এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জাহিদ হোসেন এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ ছয় সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যেই ইসহাক দার এ সাক্ষাৎ করেন। তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।

ডা. জাহিদ আরও জানান, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, সার্ককে আরও কার্যকর করার বিষয়সহ নানা ইস্যুতে আলোচনা হলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো আলাপ হয়নি।

উল্লেখ্য, এর আগে ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

শনিবার (২৩ আগস্ট) বিশেষ ফ্লাইটে দুই দিনের সফরে ঢাকায় আসেন ইসহাক দার। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন আনুষ্ঠানিক বৈঠকে নেতৃত্ব দেন। এছাড়া বিএনপি, জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গেও পৃথকভাবে মতবিনিময় করেন।

Nagad