নগদকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত, বিনিয়োগকারী খুঁজছে সরকার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪২ অপরাহন, গাস্ট ২৭, ২০২৫

মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এর লোগো।

মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিষ্ঠানটির জন্য বিনিয়োগকারী খুঁজতে আগামী সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার সোনারগাঁও হোটেলে আইসিএমএবি ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫ অনুষ্ঠানে গভর্নর এ তথ্য জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনসহ অন্যান্যরা।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, নগদকে ডাক বিভাগের নিয়ন্ত্রণ থেকে সরিয়ে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খাতে আরও কার্যক্রম, প্রতিযোগিতা ও নতুন বিনিয়োগ তৈরি করতে হবে। বর্তমানে নগদ নিজস্বভাবে সেবা পরিচালনার সক্ষমতা রাখে না, তাই একটি প্রযুক্তি কোম্পানিকে প্রধান শেয়ারহোল্ডার হিসেবে আনতে হবে।

তিনি আরও জানান, নগদকে যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে পুনরুজ্জীবিত করতে বড় ধরনের সংশোধন আনা হয়েছে। আগের মালিকদের কারণে থাকা ইওসি-সংক্রান্ত অনিয়ম সমাধান করা হয়েছে, প্রায় দেড় কোটি ভুয়া বা অকার্যকর হিসাব বাতিল করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি পুনর্গঠনের পথে রয়েছে।

গভর্নর বলেন, প্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য কৌশলগত বিনিয়োগকারী প্রয়োজন। এমন একটি প্রতিষ্ঠান দরকার, যা বিকাশের মতো ধাপে ধাপে শেয়ার ধরে নগদে বিনিয়োগ করতে পারবে। আশা করি, নগদকে যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে পুনরুজ্জীবিত করা সম্ভব হবে।

এই উদ্যোগের মাধ্যমে দেশের মোবাইল আর্থিক সেবা খাতে প্রতিযোগিতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Nagad