ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্, গাস্ট ২৮, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ বুধবার (২৮ আগস্ট) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনারের এক বৈঠকে এ কর্মপরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে-১৮ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি। পরিকল্পনা অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন আয়োজনের জন্য ইসি পাবে ৫৭ দিন। প্রবাসী ভোটারদের সুবিধার্থে এবার অতিরিক্ত ১০ দিন বেশি সময় রাখা হয়েছে।

ইসি সচিব জানান, নির্বাচনের রোডম্যাপের সব কার্যক্রম ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এখন টাইপিং চলছে। তিনি বলেন, আমরা যে কর্মপরিকল্পনা করেছি তা প্রকাশ করা হবে, একটু অপেক্ষা করতে হবে।

রোডম্যাপে থাকছে-তফসিল ঘোষণার আগের ও পরবর্তী কার্যক্রম, রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপের সময়সূচি, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনি আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রমের সময়সীমা।

এদিকে আসন পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তির শুনানি শেষ হয়েছে বুধবার। চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে মোট এক হাজার ৮৯৩টি দাবি-আপত্তির শুনানি হয়। এর মধ্যে এক হাজার ১৮৫টি আবেদন ছিল প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি পক্ষে।

Nagad

পাবনা জেলার পক্ষ থেকে সাঁথিয়া এবং বেড়া-সুজানগরকে পৃথক আসনে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, সিরাজগঞ্জের পক্ষ থেকে আগের আসনবিন্যাস পুনর্বহালের দাবি জানানো হয়েছে।