আহত নুরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা মঈন খান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫

সংগৃহীত ছবি

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে তিনি নুরের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

হাসপাতাল থেকে বের হয়ে ড. মঈন খান বলেন, ২৪ আগস্টের আগ থেকেই বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল একত্রিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ছিল। সে আন্দোলনে নুরুল হক নুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশে গায়ের জোরে কারও মুখ বন্ধ করা যাবে না। আমরা আগামীতে গণতন্ত্র ফিরিয়ে আনব, যেখানে শান্তিপূর্ণ সহাবস্থান ও মতপ্রকাশের স্বাধীনতা থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ইতিহাসে কখনও অত্যাচার-জুলুম মেনে নেয়নি। তারা বারবার প্রতিবাদ করেছে, এমনকি স্বাধীনতার জন্যও লড়াই করেছে। তাই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হতে হবে। সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটতে হবে।

এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উপস্থিত ছিলেন।

Nagad