বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে রোববার প্রধান উপদেষ্টার বৈঠক
আগামীকাল রোববার(৩১ আগস্ট) বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করবেন তিনি।
শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। কোনো ষড়যন্ত্রই নির্বাচন পিছিয়ে দিতে পারবে না।
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যেই রোডম্যাপ প্রকাশ করেছে। ইসির ঘোষণামতে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল দেওয়া হবে।
রোডম্যাপে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন, দেশীয় পর্যবেক্ষক সংস্থার অনুমোদনসহ মোট ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলি প্রাধান্য দেওয়া হয়েছে।