জামিন নাকচ, রিমান্ড শেষে কারাগারে তৌহিদ আফ্রিদি
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় আসাদুল হক বাবু হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির পরিচালক তৌহিদ আফ্রিদিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।
এর আগে, গত ২৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
রিমান্ড আবেদনে বলা হয়, তৌহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও মাই টিভির পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ পদে থেকে জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নেন। তিনি স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে লাইভে উসকানিমূলক বক্তব্য দেন এবং অন্য সেলিব্রেটিদের আন্দোলন বন্ধে প্ররোচিত করেন। যারা দ্বিমত পোষণ করেছেন তাদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপক্ষের দাবি, তার এই উসকানিমূলক কার্যক্রমে প্রভাবিত হয়ে আওয়ামী সন্ত্রাসী, রাজনৈতিক নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালালে মামলার ভিকটিম আসাদুল হক বাবু (২৪) নিহত হন।
এ মামলায় রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে হত্যায় সহায়তার অভিযোগ আনেন। তবে আদালতে দাঁড়িয়ে তিনি অভিযোগ অস্বীকার করেন।
প্রসঙ্গত, একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা ও মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীও গ্রেফতার হয়েছেন। বর্তমানে তিনিও কারাগারে রয়েছেন।

