৩ দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৫

৩ দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা। সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি বাস্তবায়নে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সরকারের কাছে সময় বেঁধে দিয়েছেন তারা। এর মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হলে ২৬ সেপ্টেম্বর থেকে আমরণ অনশন শুরু করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মহাসমাবেশে এই ঘোষণা দেন শিক্ষক নেতারা। এর আগে শিক্ষকদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে স্মারকলিপি জমা দেন।

শিক্ষকদের তিন দাবি হলো-১. সহকারী শিক্ষকদের ন্যূনতম বেতন ১১তম গ্রেডে নির্ধারণ,২. সহকারী শিক্ষকদের মধ্য থেকে শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পদ পূরণ, ৩. এবং বাকি দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ।

৬টি পৃথক সংগঠনের সমন্বয়ে গঠিত সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ এই মহাসমাবেশের ডাক দেয়। এতে সারা দেশ থেকে আসা হাজারো শিক্ষক অংশ নেন।

শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

মহাসমাবেশে অংশ নিয়ে দাবির প্রতি সংহতি জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া। তিনি বলেন, বর্তমান সরকার যদি দাবি পূরণ না করে, তবে বিএনপি ক্ষমতায় গেলে এই দাবি বাস্তবায়ন করা হবে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও সমাবেশে সংহতি জানানোর কথা রয়েছে।

Nagad