নুরের ওপর হামলা, ‘নিয়ম না বদলালে আমাদেরও একই পরিণতি হবে’
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে একটি মেসেজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এ বৈঠকের আয়োজন করে।
হাসনাত আবদুল্লাহ বলেন, নুরুল হক নুর ভাইয়ের ওপর যে আক্রমণটা হয়েছে-এটা আমাদের জন্য একটা মেসেজ। তারেক জিয়াকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, খালেদা জিয়ারও একই পরিণতি হয়েছে। নিয়ম পরিবর্তন করতে না পারলে আমাদেরও একই পরিণতি অপেক্ষা করছে। তাই সংস্কারের জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, আমাদের এখন বলা হয় আমরা নির্বাচনবিরোধী। কিন্তু আমরা শুধু নির্বাচনের কথা বলছি না— আমরা বিচার ও সংস্কারেরও কথা বলছি। পুলিশ যাতে কাউকে বিনা বিচারে তুলে নিতে না পারে, আটক করলে যেন পরিবারকে জানানো হয়— এসব বিষয় এখনও সমাধান হয়নি। তাই আমরা বলছি নিয়ম পরিবর্তন জরুরি।
বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।

