সব আধুনিক হাসপাতাল যেন ঢাকাকেন্দ্রিক না হয়: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম রোববার বলেছেন, দেশের সব আধুনিক হাসপাতাল যেন শুধুমাত্র ঢাকায় কেন্দ্রীভূত না হয়। জেলা শহরেও উন্নত চিকিৎসা সুবিধা পৌঁছে দিতে হবে।
উপদেষ্টা বলেন,আমি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে (উপাচার্য) বলেছি এই সেবা যেন ঢাকাকেন্দ্রিক না হয়। অন্তত তিন থেকে চারটি বড় জেলায় যেন আপাতত এই সেবা চালু করা যায়। এটা বড় হাসপাতাল। এখানে অনেক বড় কিছু হওয়ার সম্ভাবনা আমরা দেখি। এখানকার সেবা সারাদেশে ছড়িয়ে যাবে। মানুষ স্বপ্ন দেখলেই তবে স্বপ্ন বাস্তবায়ন হয়।
তিনি আজ রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্ধোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন।
নূরজাহান বেগম উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন হাসপাতাল ভিজিটের সময় দেখা গেছে অনেকের হাত বা পা নেই, এবং অনেকের অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে গেছে। এ জন্য তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা জরুরি।
তিনি আরও জানান, চীনের পক্ষ থেকে এই সেন্টারের জন্য ৫৭টি রোবট প্রদান করা হয়েছে, যদিও তারা মূলত ১০–১৫টি রোবট দেওয়ার পরিকল্পনা করেছিল। এছাড়া ২৭ জনকে বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, ‘রোবটের মেইনটেনেন্স সক্ষমতার জন্য আমাদের লোকজনকে প্রশিক্ষণ দিতে হবে। সেন্টারটি দীর্ঘমেয়াদে টেকসই করতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. সাইদুর রহমান এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম উপস্থিত ছিলেন।

