চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রোববার (৩১ আগস্ট) দুপুর ২টা থেকে সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট বাজারের পূর্বসীমা থেকে রেলগেইট পর্যন্ত এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়রা মুখোমুখি অবস্থানে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

জনসাধারণের জীবন-সম্পদ রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উক্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ সময়ের মধ্যে সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাফেরাও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

Nagad