জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই: নাহিদ ইসলাম
রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার অভিযোগ, জাতীয় পার্টি ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে।
রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলার ঘটনা স্বাভাবিক নয়, এটি উদ্বেগজনক। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে পরাজিত শক্তিকে মোকাবিলা করতে হবে।
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, গণভ্যুত্থানের শক্তিকে দমন করার জন্যই নুরের ওপর হামলা চালানো হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের বিচার চাওয়ায় এই বর্বর হামলা সংগঠিত হয়েছে। সেনাবাহিনী দ্বারা সংঘটিত এ বর্বরতা উদ্বেগজনক। সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হক নুর আহত হন। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারসহ প্রায় সব রাজনৈতিক দল তীব্র প্রতিবাদ জানিয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীন সফরে যায় এনসিপির প্রতিনিধিদল। দলের নেতৃত্ব দেন নাহিদ ইসলাম।

