খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার
খুলনার রূপসা সেতুর নিচ থেকে সিনিয়র সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার হয়।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, মরদেহ উদ্ধারের সময় বুলুর পরনে ছিল নীল রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল। পরে তার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে মরদেহ শনাক্ত করা হয়।
প্রায় তিন দশক ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন ওয়াহেদ-উজ-জামান বুলু। তিনি চ্যানেল ওয়ান, ভোরের কাগজ, বঙ্গবাণী, দৈনিক প্রবাহসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সর্বশেষ তিনি দৈনিক সংবাদ প্রতিদিনে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুলু খুলনা নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন পৈতৃক বাসায় বসবাস করতেন। তিনি খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সক্রিয় সদস্য ছিলেন।
তার মৃত্যুতে খুলনার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

