আফগানিস্তানে ভূমিকম্প : আহতদের ঢল, প্রতি ৫ মিনিটে আসছে একজন রোগী
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের প্রধান হাসপাতালের প্রধান ডা. মুলাদাদ জানিয়েছেন, শক্তিশালী ভূমিকম্পের পর তার হাসপাতালে প্রতি পাঁচ মিনিটে একজন করে রোগী আসছেন। তিনি ও তার কর্মীরা রাতভর না ঘুমিয়ে আহতদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
ডা. মুলাদাদ বিবিসিকে জানান, গত কয়েক ঘণ্টায় নারী ও শিশুসহ ১৮৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালের জায়গা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে শুইয়ে চিকিৎসা দিতে হচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতিকে এমন একটি সংকট হিসেবে বর্ণনা করেছেন, যা তিনি কখনও আশা করেননি। এ কারণে হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ডা. মুলাদাদের তথ্যানুযায়ী, তার হাসপাতালে এখন পর্যন্ত চারটি মৃতদেহ আনা হয়েছে এবং আরও ডজনখানেক মৃতদেহ অন্যান্য স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে। এছাড়াও, গুরুতর আহত প্রায় ২৫০ জনকে উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী নানগারহার প্রদেশের প্রধান হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার (১ সেপ্টেম্বর) আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প এবং এর পরপর একাধিক আফটারশকের আঘাতে দেশটির পূর্বাঞ্চলের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় অসংখ্য বাড়িঘর ধসে পড়েছে। ক্ষমতাসীন তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, এতে অন্তত ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ভূমিকম্পের উপকেন্দ্রের কাছে কুনার প্রদেশে প্রায় ৮০০ জন নিহত ও দুই হাজার ৫০০ জন আহত হয়েছেন। এছাড়াও, পার্শ্ববর্তী নানগারহার প্রদেশে আরও ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।