ডাকসু নির্বাচনে আইনি বাধা নেই, ৯ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। হাইকোর্টের আদেশ স্থগিত করে দেওয়া চেম্বার জজ আদালতের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের বৈধতা নিয়েই মূলত বিতর্ক হয়।
ঢাবির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির আদালতে বলেন, রিটকারী ফাহমিদা আলম জিএস প্রার্থী নন এবং ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তও হননি। তাই এ রিটের কোনো আইনগত ভিত্তি নেই। তিনি অভিযোগ করেন, রিটকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা করেছেন।
অন্যদিকে, এস এম ফরহাদের আইনজীবী ব্যারিস্টার ইমরান এ সিদ্দিকী জানান, ফরহাদের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। বিশ্ববিদ্যালয়ে একই নামে আরও একজন ছাত্রলীগ পদধারী শিক্ষার্থী ছিলেন, কিন্তু তিনি ভিন্ন ব্যক্তি।
শুনানি শেষে আপিল বিভাগ চেম্বার জজ আদালতের আদেশ বহাল রাখায় ৯ সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে কোনো আইনি প্রতিবন্ধকতা থাকলো না।

