লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার, ৬ আসামির জামিন নাকচ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৪২ অপরাহন, সেপ্টেম্বর ৩, ২০২৫

সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন তার আইনজীবীর পক্ষ থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহর আদালতে লতিফ সিদ্দিকীসহ সাত আসামি জামিনের জন্য আবেদন করেন। শুনানির পর আদালত ছয় আসামির জামিন নাকচ করেন। তবে লতিফ সিদ্দিকীর আইনজীবী জামিন আবেদন নিজেই প্রত্যাহার করেন।

লতিফ সিদ্দিকীর আইনজীবী তাহমীম মহিমা বাঁধন বলেন, লতিফ সিদ্দিকী বয়স্ক ও অসুস্থ। তার পরিবারের পক্ষ থেকে অসুস্থতার মেডিক্যাল রিপোর্ট দেখানোর কথা ছিল। শুনানির আগে পরিবারের পক্ষ থেকে রিপোর্ট সরবরাহ করা সম্ভব হয়নি, এজন্য আমরা জামিন আবেদন প্রত্যাহার করেছি।

মামলার এজাহার থেকে জানা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের জন্য ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন গত ৫ আগস্ট আত্মপ্রকাশ করে। ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাদের আয়োজন করা গোল টেবিল বৈঠকে হঠাৎ এক দল ব্যক্তি হট্টগোল সৃষ্টি করে। তারা সভাস্থলের দরজা বন্ধ করে, কয়েকজনকে লাঞ্ছিত করে এবং আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ রাখে। এই ঘটনায় পুলিশ ১৬ জনকে আটক করে এবং শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

অন্য আসামিরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, দেওয়ান মোহম্মদ আলী ও মো. আব্দুল্লাহ আল আমিন।