ভারতে বাংলাদেশিসহ সংখ্যালঘুদের পাসপোর্ট ছাড়াই থাকার নতুন নিয়ম কার্যকর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫০ অপরাহন, সেপ্টেম্বর ৩, ২০২৫

ভারতে বাংলাদেশিসহ সংখ্যালঘুদের পাসপোর্ট ছাড়াই থাকার নতুন নিয়ম কার্যকর। সংগৃহীত ছবি

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা—হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান—ধর্মীয় নিপীড়ন বা নিপীড়নের আশঙ্কায় ভারতে আশ্রয় নিয়েছেন এবং ৩১ ডিসেম্বর ২০২৪-এর আগে প্রবেশ করেছেন, তারা পাসপোর্ট বা অন্যান্য বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতে অবস্থান করতে পারবেন।

এই নিয়ম ভারতের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট-২০২৫-এর অধীনে সোমবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। এ আদেশ অনুযায়ী, ওই সংখ্যালঘুরা কোনো ধরনের শাস্তির মুখোমুখি হবেন না। তবে, বৈধ পাসপোর্ট বা নথি থাকা সত্ত্বেও যার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা এই সুবিধার আওতায় থাকবেন না।

আইনটির কার্যকারিতা ২০১৪ সালের পর ভারতে প্রবেশ করা অনেক মানুষের জন্য স্বস্তি নিয়ে এসেছে, যারা বৈধ পরিচয় নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তার মুখে ছিলেন। এর আগে নাগরিকত্ব (সংশোধন) আইন বা সিএএ অনুযায়ী, এই সংখ্যালঘুরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ভারতে প্রবেশ করলে ভারতীয় নাগরিকত্বের যোগ্যতা পান।