পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্, সেপ্টেম্বর ৪, ২০২৫

পর্তুগালের রাজধানী লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

বুধবার রাতে শহরের জনপ্রিয় পর্যটন এলিভাদোর গ্লোরিয়া ফানিকুলারটি ব্রেক বিকল হয়ে দ্রুত নিচে নামতে থাকে এবং পাশের একটি ভবনে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে ট্র্যাজেডির সময় কতজন যাত্রী ছিলেন তা এখনও নিশ্চিত নয়।

নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে, যদিও তাদের জাতীয়তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর লিসবনে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস এটিকে শহরের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত আখ্যা দিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। এ ঘটনায় পুলিশ, পরিবহন কর্তৃপক্ষ ও কেবল রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান যৌথভাবে তদন্ত শুরু করেছে।