সাংবাদিক নীতিমালা পর্যালোচনার আশ্বাস ইসির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৫ অপরাহন, সেপ্টেম্বর ৪, ২০২৫

সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থে সাংবাদিক নীতিমালা পর্যালোচনা করে প্রয়োজনে সংশোধনের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন নির্বাচন কমিশনাররা।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ। তবে কানাডা সফরের প্রস্তুতির কারণে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন না।

২৩ জুলাই ইসি ঘোষিত ‘সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫’-এ ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার, গোপন কক্ষে ছবি তোলা ও একসঙ্গে দুজনের বেশি সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। সাংবাদিকদের দাবি, এ ধরনের কড়াকড়ি অবাধ তথ্য প্রবাহে বাধা দেবে এবং অনিয়ম রোধে ইসির প্রচেষ্টা ব্যাহত করবে।

আরএফইডি তাদের লিখিত প্রস্তাবে প্রিজাইডিং অফিসারকে অবহিত করার শর্ত বাতিল, অন্তত পাঁচজন সাংবাদিককে একসঙ্গে ভোটকক্ষে প্রবেশের সুযোগ, এবং বাধা দিলে দোষী সাব্যস্ত করার বিধান যুক্ত করার দাবি জানায়।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আপনারা-আমরা সবাই স্বচ্ছ নির্বাচন চাই। একটি ট্রান্সপারেন্ট ভোটের জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। অন্যায় কোনপ্রকার প্রশ্রয় হবে না। কাজেই আপনাদের সহযোগিতা চাই। সাংবাদিকদের পক্ষ থেকে দাবি লিখিতভাবে দিয়েছেন। এটি পর্যালোচনা করে আপনাদের জন্য সহজ হয়, যেটা উভয় পক্ষের জন্য, মানুষের জন্য স্বচ্ছ নির্বাচনের জন্য, ফেয়ার নির্বাচনের জন্য যেটা ভালো হয় সেটা ইনশাল্লাহ করা হবে।

Nagad

নির্বাচন কমিশনার জনাব মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সবচেয়ে মুশকিল হয়ে গেল কি! আমি আপনি আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নেই। আমি আস্থার জায়গায় আছি এই দাবি করি না। এই যে আস্থার সংকট এটা আমাদের জাতীয় সংকট।

নীতিমালার খসড়া নিয়ে সাংবাদিকদের দাবি বিশ্লষণ করে সমাধানের আশ্বাস দেন তিনি।

কমিশনার তাহমিদা আহমদ আবারও খোলা মাঠে ভোট আয়োজনের পক্ষে মত দেন। ইসি সচিব আখতার আহমদ অবাধ তথ্য প্রবাহের সুযোগ রাখার আশ্বাস দেন।

আরএফইডি সভাপতি কাজী জেবেল নীতিমালার প্রস্তাব উপস্থাপন করেন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী অনুষ্ঠান সঞ্চালনা করেন।