ফেব্রুয়ারির নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থন: গোয়েন লুইস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্, সেপ্টেম্বর ৫, ২০২৫

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। সংগৃহীত ছবি

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে জাতিসংঘ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সহযোগিতা, উন্নয়ন অগ্রাধিকার এবং চলমান সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

গোয়েন লুইস বলেন, জাতিসংঘ সম্পূর্ণভাবে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পক্ষে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচনী প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কমিশনকে সহায়তার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন।

এ সময় নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন সভা এবং চলতি মাসের শেষে রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। দুই পক্ষই রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য টেকসই আন্তর্জাতিক সংহতি ও বাড়তি সমর্থন এখন জরুরি। গোয়েন লুইসও বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন।

Nagad