জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়। তবে রিট আবেদনে বিস্তারিত কারণ প্রকাশ করা হয়নি।
জাকসু নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার এ কে এম রাশিদুল আলম বলেন, কোনো নিরাপত্তা ঝুঁকি এড়াতে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে ভোটের অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ১৯৯৩ সালের ২৯ জুলাই শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জাকসু ও হল সংসদ নির্বাচন বাতিল করা হয়েছিল।
আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী সংগঠনসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী অংশ নেবেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সক্রিয় থাকা শিক্ষার্থীরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন।