সাবেক সচিব শহীদ খান গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:১৮ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৫

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে। সংগৃহীত ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে আটক করা হয়।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজই আদালতে সোপর্দ করা হবে।

শহীদ খান আওয়ামী লীগ আমলে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৬ সালে সচিবালয়ে বিএনপি সরকারবিরোধী ‘জনতার মঞ্চের’ অন্যতম সংগঠক ছিলেন তিনি। একই বছর থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফেরার পর তাকে ওএসডি করে রাখা হয়। তবে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিন মাসের মধ্যে চার দফা পদোন্নতি পেয়ে তিনি জ্যেষ্ঠ সচিবের পদে উন্নীত হন।