ঢামেক পরিচালক: ভিপি নুরের শর্ট-টাইম মেমোরি লস হয়নি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:২৭ অপরাহন, সেপ্টেম্বর ৮, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মাথায় আঘাতজনিত কোনো শর্ট-টাইম মেমোরি লস হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিজের কক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, নুরের নাকের হাড় ভাঙায় মাঝে মাঝে রক্তপাত হচ্ছে। এটি সম্পূর্ণ সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। তবে এ ধরনের আঘাত থেকে স্মৃতিশক্তি হারানোর কোনো ঝুঁকি নেই।

তিনি আরও বলেন, নুরের চোখে জমে থাকা রক্ত সরে গেছে। জ্বর ও ঠান্ডার উপসর্গ থাকায় তার স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি ডেঙ্গু না ভাইরাসজনিত জ্বর, রিপোর্ট এলে জানা যাবে।

ঢামেক পরিচালক জানান, নুরের জ্বর না থাকলে শারীরিক অবস্থার বিবেচনায় তাকে বাসায় নেওয়া সম্ভব হবে। প্রয়োজনে পরিবারের সিদ্ধান্তে তাকে বিদেশেও নেওয়া যেতে পারে।