জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মালিক জনগণ, জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।
তারেক রহমান অভিযোগ করেছেন, গত ১৫ বছরে আওয়ামী সরকার দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে গুম-খুনের রাজনীতি চালানো হয়েছে। ভোটাধিকারও নষ্ট হয়েছে, যার কারণে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তিন কোটি নতুন ভোটার ভোট দিতে পারেননি।
তিনি বলেন, আওয়ামী সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শিশু, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে রাস্তায় গুলি করে হত্যা করেছে। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান সব ধ্বংস হয়েছে। মেগাপ্রকল্পের নামে মেগাদুর্নীতি হয়েছে।
তাদের নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি উল্লেখ করে তারেক বলেন, গণতন্ত্রে মতভিন্নতা স্বাভাবিক। রাজনৈতিক দলগুলো তাদের নীতি ও কর্মপরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করবে, আর জনগণই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে কে দেশের দায়িত্বে থাকবে। যদি জনগণকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে।
তারেক আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানসহ সব খাতের সংস্কারের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর।
দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন। জেলা নেতৃত্ব নির্বাচন করেছেন মোট ৮০৮ জন কাউন্সিলর।

