ফরিদপুরে মহাসড়ক অবরোধে ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন
ফরিদপুরে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া এ কর্মসূচির ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। আন্দোলনকারীরা দাবি করেছেন, ভাঙ্গা উপজেলা নিয়ে নতুন করে ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তন করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও ঘোষণা দিয়েছেন তারা।
স্থানীয়রা জানান, সকাল থেকে ভাঙ্গার পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদ এলাকায় মহাসড়কের ওপর গাছ ফেলা ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। এতে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের একাধিক পয়েন্টে, বিশেষ করে পুকুরিয়া বাসস্ট্যান্ড, হামিরদী বাসস্ট্যান্ড এবং ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় সড়ক অবরোধ চলছে। পাশাপাশি ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ অংশেও অবরোধ কর্মসূচি চলছে। ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ওই তালিকা অনুযায়ী ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে সরিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এরপর থেকেই স্থানীয়দের আন্দোলন ও অবরোধ কর্মসূচি চলমান রয়েছে।

