ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে প্রকাশ্যে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ডানপন্থি রাজনীতির পরিচিত মুখ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে ডানপন্থি রাজনীতির পরিচিত মুখ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) উটা ভ্যালি ইউনিভার্সিটির প্রাঙ্গণে ভাষণ দেওয়ার সময় এক যুবক তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তাঁবুর নিচে বসে থাকা অবস্থায় হঠাৎ গুলির শব্দ শোনা যায় এবং মুহূর্তেই চেয়ার থেকে পড়ে যান কার্ক। এতে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, তার গলায় গুলি লেগেছিল। তবে হামলাকারীকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনার পর উটা’র সিনেটর মাইক লি এক পোস্টে লেখেন, “পরিস্থিতির ওপর নজর রাখছি। চার্লি কার্ক ও উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য প্রার্থনা করুন।”
মৃত্যুর খবরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে শোক প্রকাশ করে বলেন, “চার্লি তরুণদের হৃদয় বোঝার ক্ষেত্রে অনন্য ছিলেন। তিনি ছিলেন আমার কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয়।” তিনি স্ত্রী মেলানিয়ার সঙ্গে নিহত কার্কের পরিবারকে গভীর সমবেদনা জানান।
কে ছিলেন চার্লি কার্ক
চার্লি কার্ক যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতির অন্যতম আলোচিত মুখ। সরাসরি ও স্পষ্টভাষী হিসেবে তিনি বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত বিতর্কে অংশ নিতেন। তার আলোচিত অনুষ্ঠান “Prove Me Wrong” তরুণদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পায়। বহু বিতর্ক ও বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তাকে তরুণ প্রজন্মের মধ্যে অন্যতম প্রভাবশালী করে তোলে।

