প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০২ অপরাহন, সেপ্টেম্বর ১১, ২০২৫

প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১২ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।