সেমিনার শেষে আ.লীগ কর্মীদের হামলার চেষ্টা, রক্ষা পেলেন মাহফুজ আলম
লন্ডনে একটি সেমিনার থেকে বের হওয়ার সময় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সংগৃহীত ছবি
লন্ডনে একটি সেমিনার থেকে বের হওয়ার সময় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশন জানায়, সেদিন বিকেল ৪টায় ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস) এ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় প্রায় ১৮ জন আওয়ামী লীগ কর্মী ক্যাম্পাসের সামনে স্লোগান দিতে থাকেন। ভেতরে প্রবেশের পর পার্কিং এলাকায় অপেক্ষমাণ গাড়ির ওপর ডিম নিক্ষেপ করা হয়।
অনুষ্ঠান শেষে মাহফুজ আলম ও হাইকমিশনের কর্মকর্তারা নিরাপদে বের হয়ে আসলেও পরে বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়ির ওপর দুষ্কৃতকারীরা ডিম ছোড়ে এবং কয়েকজন রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। তবে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দেয়।
সন্ধ্যায় মাহফুজ আলম নির্ধারিত সময়ে বাংলাদেশ হাইকমিশনে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ হাইকমিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে।