অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি, দায় স্বীকার সন্ত্রাসী চক্রের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:১১ অপরাহন, সেপ্টেম্বর ১৩, ২০২৫

বলিউড অভিনেত্রী দিশা পাটানির ভারতের উত্তর প্রদেশের বরেলি শহরের বাসভবনের বাইরে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, কুখ্যাত রোহিত গোদারা-গোল্ডি ব্রার চক্র ফেসবুকে পোস্ট দিয়ে এ হামলার দায় স্বীকার করেছে। পোস্টে বলা হয়, অভিনেত্রী দিশা এবং তার বড় বোন খুশবু পাটানি সনাতন ধর্ম ও সাধুদের অপমান করেছেন। সেই কারণেই তাদের বাড়িতে গুলি চালানো হয়েছে।

ফেসবুক পোস্টে আরও হুমকি দিয়ে বলা হয়, এটি কেবল একটি “ট্রেলার”। ভবিষ্যতে যদি চলচ্চিত্র অঙ্গনের কেউ ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, তাহলে কাউকে জীবিত রাখা হবে না। পোস্টে আরও কয়েকটি অপরাধী গোষ্ঠীর নাম ট্যাগ করা হয়।

হামলার পর স্থানীয় পুলিশ ও তদন্ত সংস্থা ঘটনাস্থল ঘুরে দেখেছে এবং আলামত সংগ্রহ করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় কারা জড়িত তা খুঁজে বের করতে একাধিক অভিযান শুরু হয়েছে।

তবে এ বিষয়ে এখনো অভিনেত্রী দিশা পাটানি বা তার বড় বোন খুশবু কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

Nagad