ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভায় পাঁচজন ছাত্র প্রতিনিধি চূড়ান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকসুর কার্যক্রম শুরু হলো। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
সভায় নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহা. মহিউদ্দীন খানসহ ২৭ জন নেতা উপস্থিত ছিলেন। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ ব্রিফ করেন জিএস এস এম ফরহাদ।
তিনি জানান, প্রথম সভায় সিনেটে ডাকসুর পাঁচজন ছাত্র প্রতিনিধি চূড়ান্ত করা হয়েছে। তারা হলেন—ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মুহা. মহিউদ্দীন খান, ছাত্র পরিবহণ সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং সদস্য সাবিকুন্নাহার তামান্না। শিগগিরই নামগুলো গেজেট আকারে প্রকাশ হবে।
প্রতিনিধি নির্বাচনের যুক্তি তুলে ধরে ফরহাদ বলেন, ভিপি, জিএস ও এজিএস পদাধিকারবলে থাকছেন। অনাবাসিক শিক্ষার্থীদের সমস্যার কথা তুলে ধরার জন্য পরিবহণ সম্পাদককে রাখা হয়েছে। পাশাপাশি ছাত্রীদের সমস্যা তুলে ধরতে সদস্য হিসেবে তামান্নাকে রাখা হয়েছে।
সভায় নির্বাচিত প্রতিনিধিরা জানান, মতপার্থক্য ভুলে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে একসঙ্গে কাজ করবেন তারা। আগামী এক বছরের জন্য কর্মপরিকল্পনা তৈরি করে শিক্ষার্থীদের স্বার্থে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারা।
পরে ভিপি আবু সাদিক কায়েম বলেন, আজকে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। তারা বারবার বলেছেন, যারা নির্বাচিত হয়েছেন, কেউ নেতা নন। তারা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে তাদের প্রশ্ন করা। আর তাদের কাজ হচ্ছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করা। এখানে যারা আছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যেকোনো সমস্যা একজন আপন বড় ভাই বা বোন হিসেবে তাদের সঙ্গে শেয়ার করবেন। তারা শিক্ষার্থীদের প্রতিটি সমস্যা মোকাবিলা করতে চান।
আবু সাদিক আরও বলেন, নির্বাচিত হওয়ার পর তারা শিক্ষার্থীদের কাছে গিয়েছেন। তাদের কথা শোনার চেষ্টা করেছেন। নির্বাচনে সবাই জিতেছেন। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে।

