‘তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না’

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:৩১ অপরাহন, সেপ্টেম্বর ১৫, ২০২৫

তরুণ সমাজ সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, আমি যুবসমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই, তোমাদের মেধা, শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখো। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনে সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হোক। আমি বিশ্বাস করি, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকতে পারে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি তরুণদের উদ্দেশে আরও বলেন, দেশের ইতিহাসে প্রতিটি গণআন্দোলন, গণঅভ্যুত্থান ও ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে তরুণরাই। স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও আজ তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, চ্যালেঞ্জ আসবে জনস্বাস্থ্য সংকট, শিক্ষার অভাব কিংবা পরিবেশগত বিপর্যয়-তবে এগুলো মোকাবিলায় তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগই হবে দেশের শক্তি।

তিনি বলেন, স্বেচ্ছাসেবা শুধু মানবতার কল্যাণ নয়, এটি আত্মউন্নয়ন ও নেতৃত্বের গুণাবলি বিকাশের আদর্শ মাধ্যম। তরুণরা যদি আত্মবিশ্বাস, দক্ষতা ও নেতৃত্ব অর্জন করে, তবে তারা নীতিনির্ধারক ও পরিবর্তনের স্থপতি হয়ে উঠতে পারবে।

Nagad

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত স্বেচ্ছাসেবীদের অভিনন্দন জানিয়ে ড. ইউনূস বলেন, এই পুরস্কার কেবল স্বীকৃতি নয়, বরং তরুণদের আরও সাহসী হয়ে সমাজ পরিবর্তনের আহ্বান।

তিনি বিশ্বাস প্রকাশ করেন, তরুণদের প্রতিটি ছোট উদ্যোগ-হোক তা স্বাস্থ্যসেবা, শিক্ষা কিংবা পরিবেশ রক্ষা—দেশের জন্য বড় অর্জনের পথ তৈরি করবে। তরুণদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ উন্নত, মানবিক ও উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।