শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম । ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে অবশিষ্ট সাক্ষ্য দেবেন।

ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু হওয়ার আগে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাক্ষ্য দেবেন। তার সাক্ষ্যগ্রহণ শেষে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন জেরা করবেন। এরপর নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্য নেওয়া হবে।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিট থেকে বিকেল পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলেছিল। শেষ না হওয়ায় আজ অবশিষ্ট সাক্ষ্য ও জেরার জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মামলায় ৯ সেপ্টেম্বর ছয়জন সাক্ষী দিয়েছেন। এখন পর্যন্ত মোট ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এর আগে ২ সেপ্টেম্বর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়ে বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছে। তিনি ক্ষমা চেয়েছেন এবং অনেক অজানা তথ্য ট্রাইব্যুনালের সামনে এনেছেন।