ঢাকায় আসছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৭ অপরাহন, সেপ্টেম্বর ১৭, ২০২৫

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির শিগগিরই ঢাকায় আসছেন। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি অংশ নেবেন বিশেষ এক ইভেন্টে।

সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে সোমবার (১৫ সেপ্টেম্বর) হানিয়া আমিরের একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। সেই ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।’

হানিয়া আমির দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। সেই সূত্রেই এবার বাংলাদেশ সফরে আসছেন তিনি। ঢাকায় কয়েকদিন অবস্থানের পরিকল্পনা রয়েছে তার। তবে কোন তারিখে তিনি আসবেন, তা পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে সানসিল্ক বাংলাদেশ।

২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। প্রায় এক দশকের অভিনয় জীবনে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি।

সম্প্রতি ‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে হানিয়ার। রোমান্টিক, কমেডি, গ্ল্যামারাস বা চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ অভিনেত্রী।

Nagad