‘আ. লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৭ অপরাহন, অক্টোবর ১, ২০২৫

বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনে আইন উপদেষ্টা। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশালে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না।’

অধ্যাপক আসিফ নজরুল বরিশাল সার্কিট হাউজে পৌঁছে নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এ বিষয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। মূলত জিটিও’র ব্রিটিশ-মার্কিন সাংবাদিক মেহদি হাসানের সঙ্গে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে ধারণা প্রকাশ করা হয়েছে যে, ‘আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেয়া হতে পারে।’ তবে আইন উপদেষ্টার মন্তব্যে তা স্পষ্টভাবে অস্বীকার করা হয়েছে।