এ বয়সে সেফ এক্সিট ভাবতে হলে তা হবে দুঃখজনক: উপদেষ্টা ফাওজুল কবির

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৪৮ অপরাহন, অক্টোবর ৯, ২০২৫

ফাইল ছবি

রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শিক্ষকতার সূত্রে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু তা গ্রহণ করিনি। তাই, আজ ৭২ বছর বয়সে যদি আমাকে ‘সেফ এক্সিট’ নিয়ে ভাবতে হয়, সেটি হবে গভীর দুঃখের বিষয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফাওজুল কবির লিখেছেন, ‘গতকাল সকাল ৭টা ৪৫ মিনিটে ট্রেনে ভৈরব যাই। কমলাপুর রেলস্টেশন পরিদর্শনের পর ভৈরব ও আশুগঞ্জ স্টেশন ঘুরে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেছি। জনগণ আশুগঞ্জ স্টেশনকে পূর্বের মতো বি-শ্রেণিতে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। বিষয়টি রেলের মহাপরিচালককে জানিয়েছি।’

তিনি আরও জানান, সরাইল এলাকায় যানজট নিরসনে সরেজমিনে গিয়ে তিনি দেখেছেন চালকদের শৃঙ্খলাহীনতা ও হাইওয়ে পুলিশের দুর্বল ব্যবস্থাপনাই প্রধান সমস্যা। ভারতীয় ঋণে নির্মিত সরাইল চৌরাস্তা প্রকল্পের কাজ ধীরগতির কারণেও যানজট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

‘হাইওয়ে পুলিশ তৎপর থাকলে এমন যানজট হতো না,’ বলেন উপদেষ্টা। তিনি জানান, আইজিপির সঙ্গে কথা হয়েছে, এবং বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও কথা বলবেন।

এ সময় তিনি জানান, রাস্তাঘাট সংস্কারে ছয়টি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে ১২ জন কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ায় পদায়ন করা হয়েছে প্রকল্পের কাজ তদারকির জন্য।

Nagad

সেফ এক্সিট প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘উক্ত বিষয়টি উত্থাপনকারী প্রাক্তন উপদেষ্টা ও বর্তমান এনসিপি নেতা নাহিদ ইসলাম আমার স্নেহভাজন ও শ্রদ্ধার পাত্র। তাই তার বক্তব্যের ওপর মন্তব্য শোভন নয়। আমি রাজনৈতিক বিষয়ে মন্তব্য করিনি।’

ফাওজুল কবির আরও লিখেছেন, ‘উপদেষ্টা হিসেবে যোগদানের পর থেকে কোনো অন্যায় সুবিধা গ্রহণ করিনি। কাউকে চাকরি বা ব্যবসায় সুযোগ দিইনি। শিক্ষক হিসেবে পাওয়া মূল্যবোধ নিয়েই জনগণের জন্য কাজ করেছি।’

তার ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লেখেন-তাই, আজ ৭২+ বছর বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয়!!!’