দেশে ফিরলেন আলোকচিত্রী শহিদুল আলম
ইসরায়েলে আটক হওয়া বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম অবশেষে দেশে ফিরেছেন।
শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুক্ষণ পরই ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
শহিদুল আলম বলেন, ‘গাজার মানুষ এখনো আক্রান্ত। এখনো তাদের ওপর নির্যাতন চলছে, এবং সেটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয়—আমাদের কাজ শেষ হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাতে চাই। বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছেন, দোয়া করেছেন, ভালোবাসা পাঠিয়েছেন—তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
বিমানবন্দরে শহিদুল আলমকে ফুল দিয়ে বরণ করেন তাঁর পরিবারের সদস্য ও সহকর্মীরা।
এর আগে স্থানীয় সময় শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিনি টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (TK 6921)-এ ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। পরে সেদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে রওনা হন শহিদুল আলম।

