আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন অবসর-উত্তর ছুটিতে (এলপিআর) রয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলাসংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
তিনি বলেন, `যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তাদের মধ্যে ১৫ জন কর্মকর্তা ঢাকায় সেনা হেফাজতে আছেন। আমরা ১৬ জনকে হেফাজতে আসার জন্য বলেছিলাম, তাদের মধ্যে ১৫ জন আমাদের কাছে এসেছে।’
এ সময় তিনি আরও জানান, সেনাবাহিনী আইন ও বিধিবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। আদালতের প্রক্রিয়া অনুসারে বিষয়টি অগ্রসর হবে এবং তদন্ত ও বিচারকাজে সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা করবে।