সংসদে এক কক্ষ বহাল রেখেই নির্বাচন হওয়া উচিত: ব্যারিস্টার ফুয়াদ
‘সংসদে একটি কক্ষ বহাল রেখেই নির্বাচন হওয়া উচিত। না হলে প্রস্তাবিত উচ্চ কক্ষের ১০০ আসন কোরবানির গরুর দরে কেনাবেচার মতো দুশ্চিন্তা তৈরি হবে,’ – এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
রোববার (২ নভেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বর্তমান ৩০০ আসনের এককক্ষ বিশিষ্ট সংসদই সঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে না। সেখানে আরও ১০০ আসন বাড়িয়ে উচ্চ কক্ষ গঠন করা হলে আসনগুলো ব্যবসায়িক লেনদেনের পণ্যে পরিণত হওয়ার আশঙ্কা থাকবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক দলের মৌলিক বৈশিষ্ট্য অনুপস্থিত, তাই এটিকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দল বলা যায় না।
এবি পার্টির এই নেতা আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য অন্তত একটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা উচিত ছিল।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনে এবি পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ জামাল হোসেন, জেলা আহ্বায়ক জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশিরসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

