৬৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া আরও ১৬টি সংস্থার বিষয়ে দাবি-আপত্তি জানতে ১৫ কার্যদিবস সময় দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন।
এর আগে ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করে ইসি। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৬৬ সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
ইসি জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ধারা ১৬ অনুযায়ী বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী যোগ্য সংস্থাগুলোর কাছ থেকে পুনরায় আবেদন আহ্বান করা হয়।
নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫, নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি ও আবেদন ফরম ইসির ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে।
প্রসঙ্গত, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে পর্যবেক্ষক নিবন্ধন প্রথা চালু করে নির্বাচন কমিশন। তখন ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। পরবর্তীতে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন,২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন, এবং সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ৮০টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোট কার্যক্রমে অংশ নেন।

