বাংলাদেশ সীমান্তের কাছে সেনা ঘাঁটি ও স্টেশন স্থাপন করল ভারত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৯ অপরাহন, নভম্বর ৭, ২০২৫

বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় নতুন দুটি সামরিক স্থাপনা চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের চোপড়ায় একটি নতুন সেনা ঘাঁটি উদ্বোধন করা হয়েছে, আর আসামের ধুবরিতে গড়ে তোলা হচ্ছে একটি নতুন সেনা স্টেশন। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্রুত সময়ে এই দুইটি স্থাপনা স্থাপন করেছে ভারত- এমন তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ডেকান ক্রনিকল।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় বাংলাদেশ সীমান্তের একেবারে কাছেই নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন।

ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এক্স (X) পোস্টে জানায়,আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং নতুন ঘাঁটি স্থাপনের দ্রুত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি সৈন্যদের উদ্দেশে বলেন, সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানান।

এর আগে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের ধুবরির বামুনিগাঁও এলাকায় ‘লাচিত বরফুকন’ সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সীমান্ত অঞ্চলের ৪ (গজরাজ) কর্পস সদর দপ্তরও পরিদর্শন করেন।

ইস্টার্ন কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Nagad

পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান অবকাঠামো উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করেন।