আত্মসমর্পণ করে জামিন চাইলেন মেহজাবীন ও তার ভাই
ব্যবসায়িক পার্টনারশিপের নামে অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) বিকেলে তারা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ হাজির হয়ে জামিন আবেদন করেন।
গত ১০ নভেম্বর মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত না থাকায় ঢাকার ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিষয়টি আজ রোববার প্রকাশ্যে আসে।
মামলার বাদী আমিরুল ইসলাম জানান, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পারিবারিক ব্যবসার পার্টনার করার আশ্বাস দিয়ে নগদ অর্থ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন মেহজাবীন ও তার ভাই। কিন্তু দীর্ঘদিনেও কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় তিনি টাকা ফেরত চাইলে টালবাহানা করেন তারা।
বাদীর অভিযোগ, চলতি বছরের ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে মেহজাবীন, তার ভাই এবং আরও ৪-৫ জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন—‘এরপর বাসায় টাকা চাইতে এলে মেরে ফেলা হবে।’
এ ঘটনায় গত ২৪ মার্চ আমিরুল ইসলাম ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতে হাজির হয়ে আজ জামিন আবেদন করেছেন অভিনেত্রী মেহজাবীন ও তার ভাই আলিসান।

