উৎসবমুখর পরিবেশে নির্বাচন প্রত্যাশা প্রধান উপদেষ্টার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ অপরাহন, নভম্বর ২১, ২০২৫

আগামী জাতীয় নির্বাচন একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচনকে আনন্দঘন ও অংশগ্রহণমূলক করতে সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় এবং চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় জাতি হলেও যেকোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।

আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সশস্ত্র বাহিনীরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব।

সশস্ত্র বাহিনীর সক্ষমতা উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে বাহিনীর দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধি হয়নি; তাই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিরক্ষা খাতে কাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নে কাজ করে যাচ্ছে।

Nagad