সোমবার থেকে শাটডাউনের ঘোষণা মাধ্যমিকের শিক্ষকদের
দাবি আদায়ে রোববার (৩০ নভেম্বর) রাতের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে সোমবার (১ ডিসেম্বর) থেকে শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে দেশের সাতশ’র বেশি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর আব্দুল গণি রোডে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে শিক্ষক নেতারা এ ঘোষণা দেন।
শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। আন্দোলন করেছেন বহুবার, কিন্তু সমাধান হয়নি। তাই এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
শিক্ষকদের মূল দাবি চারটি
১. নবম গ্রেডে বেতন নির্ধারণ, ২. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর দ্রুত গঠন, ৩. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, ৪. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ৩ দিনের মধ্যে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরি। এর পাশাপাশি ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের অতিরিক্ত ইনক্রিমেন্ট সুবিধা পুনর্বহালের দাবিও রয়েছে।
অন্যদিকে তিন দফা দাবিতে বৃহস্পতিবার থেকে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন। প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক এই কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন।
শিক্ষক সংগঠনগুলো জানিয়েছে, তাদের দাবি না মানা হলে আসন্ন বার্ষিক পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ার কর্মসূচিও রয়েছে।
দুই পক্ষের আন্দোলনে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটির বেশি শিক্ষার্থী এ অবস্থায় বার্ষিক পরীক্ষার অনিশ্চয়তায় পড়েছে।

