নির্বাচনের ট্রেনে উঠে গেছি আমরা: সিইসি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৩ অপরাহন, december ৯, ২০২৫

নির্বাচনের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে-এমন মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি। জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহেই হতে পারে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সিইসি প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এবারও সেই ধারাবাহিকতায় তিনি ইসি সচিবকে সঙ্গে নিয়ে বৈঠক করেন।

বৈঠকে তফসিল ঘোষণার পর সীমানা সংক্রান্ত মামলা ও সম্ভাব্য রিট যাতে নির্বাচনি কার্যক্রমে বাধা সৃষ্টি না করে—সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও নির্বাচন চলাকালে বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য সিইসির ভাষণ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।

Nagad

বুধবার বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। ভাষণ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে ইসি। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সোমবার এই তথ্য নিশ্চিত করেন।