তফসিলের মাধ্যমে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: মির্জা ফখরুল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:১৬ অপরাহন, december ১১, ২০২৫

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ঘোষিত তফসিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে-বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে; যে গণতন্ত্র অর্জনে দেড় যুগেরও বেশি সময় ধরে জনগণ জীবন বাজি রেখে লড়াই করেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, ‘আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব দল অংশ নেবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।’

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপির কখনোই কোনো শঙ্কা ছিল না। বরাবরই দলটি বলে এসেছে—নির্বাচনই সংকট উত্তরণের একমাত্র পথ। সেই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরুকে বিএনপি স্বাগত জানাচ্ছে।

ঘোষিত তফসিলের মূল সময়সূচি

নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর–৪ জানুয়ারি, আপিল দাখিলের শেষ সময় ১১ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১২–১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, প্রচারকাল ২২ জানুয়ারি–১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত। ভোটগ্রহণ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি।

Nagad