নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই: প্রেস সচিব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০২ অপরাহন, december ১২, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। কেউ যদি আইন হাতে তুলে নিতে চায়, কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে, তাদের কঠোর হাতে দমন করা হবে। অনৈতিক দাবি নিয়ে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনের কথা বললেও তা না করে তাদের সরকার ও কর্মীরা রাইফেল–পিস্তল নিয়ে রাস্তায় নেমেছে বাচ্চাকাচ্চা ছেলেদের খুন করতে।”

তিনি আরও বলেন, তারা ভেবেছিলো—অনেক মানুষকে খুন করলে যেমন ১৫ বছর সবাই চুপ ছিলো, আরও ১৫ বছর একইভাবে চুপ থাকবে। কিন্তু এখন নিজেরাই তারা নিজেদের রাজনৈতিকভাবে আউট করে দিয়েছে।

Nagad