প্রধান উপদেষ্টার সঙ্গে হাদির পরিবারের সাক্ষাৎ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা হাদির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান। তিনি বলেন, সারাদেশের মানুষ হাদির জন্য দোয়া করছে। তার শারীরিক অবস্থার প্রয়োজনে যদি বিদেশে চিকিৎসা করাতে হয়, সরকার সেক্ষেত্রে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
এ সময় ওসমান হাদির বোন বলেন, ছোটবেলা থেকেই হাদি দেশকে মনেপ্রাণে ভালোবাসত। তিনি বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে ভালোবাসতেন এবং জুলাই বিপ্লবকে ধারণ করতেন। তার একটি ১০ মাসের সন্তান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “হাদি আমাদের মেরুদণ্ড। ওর অনেক কাজ বাকি, ওকে বেঁচে থাকতে হবে।”
অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের বলেন, ৫ আগস্টের পর অনেকে বাসায় ফিরে গেলেও ওসমান হাদি ফিরে যাননি। তিনি জুলাই বিপ্লবের জন্য দিনরাত কাজ করেছেন। হামলায় জড়িত ব্যক্তির অতীত মামলার বিষয়টি তদন্তের দাবি জানান তিনি।
এদিকে ইনকিলাব মঞ্চের নেতা ফাতিমা তাসনিম জুমা জুলাই আন্দোলনে সম্পৃক্তদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। ঘটনার আদ্যোপান্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং জড়িতদের পুরো চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
সাক্ষাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

