যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:৩৬ অপরাহন, december ১৩, ২০২৫

যারা বাংলাদেশে নির্বাচন চায় না, তারাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চৌধুরী। একই সঙ্গে তিনি হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান।

শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ওসমান হাদির ওপর এ হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরই হামলা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ১০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তার পরদিনই একজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। হামলার ধরন দেখেই বোঝা যায়, এটি একটি পেশাদার খুনির কাজ।

তিনি বলেন, বর্তমানে ওসমান হাদি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন হাদিকে বাঁচিয়ে রাখেন এবং দ্রুত সুস্থতা দান করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, এ ঘটনার প্রেক্ষিতেই আমাদের আলোচনা হয়েছে। আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট ও সুদৃঢ় রাখবো। সামনে নির্বাচন, রাজনৈতিক বিতর্ক থাকবে—কিন্তু সে বিতর্ক যেন কোনোভাবেই জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত না করে, সে বিষয়ে আমরা সতর্ক থাকবো।

তিনি আরও বলেন, আমাদের চেতনা হচ্ছে জুলাই ২০২৪-এর ছাত্র গণঅভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা ও জনআকাঙ্ক্ষা। এটিকেই আমরা ঊর্ধ্বে তুলে ধরবো। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে আমাদের কোনো আপস নেই।

Nagad

নির্বাচনবিরোধী শক্তির বিষয়ে মন্তব্য করে সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা বাংলাদেশে নির্বাচন চায় না, যারা গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায় এবং একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের বিপক্ষে অবস্থান নেয়-প্রকৃতপক্ষে তারাই গণতন্ত্রবিরোধী শক্তি। তারা দেশের ভেতরেও আছে, দেশের বাইরেও আছে।

তিনি বলেন, পতিত ফ্যাসিবাদকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—এ ধরনের হামলা চালিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে কখনোই থামানো যাবে না।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যে অটুট থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যেকোনো মূল্যে অর্থবহ ও বিশ্বাসযোগ্য করে তুলতে আমরা বদ্ধপরিকর।