দেশকে নেতৃত্বহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ
চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশকে মেধাহীন ও নেতৃত্বহীন করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এ ধরনের ষড়যন্ত্রে আরও অনেকেই হিট লিস্টে রয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। স্বাধীনতার ৫৪ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর একই কৌশলে দেশকে নেতৃত্বহীন করার চেষ্টা চলছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ। জুলাইয়ের পরাজিত শক্তি হাদিকে হত্যার মাধ্যমে দেশকে মেধাহীন করতে চায়।
সাবেক এই উপদেষ্টা আরও বলেন, এ ধরনের ষড়যন্ত্রে আরও অনেকেই হিট লিস্টে রয়েছেন। দেশবিরোধী শক্তি এখনো সক্রিয় রয়েছে এবং সুযোগ খুঁজছে।
দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, একাত্তরে যেমন হানাদার বাহিনী পরাজিত হয়েছিল, তেমনি এবারও দেশবিরোধী ও ফ্যাসিবাদী শক্তি পরাজিত হবে।

