ট্রাভেল পাস পেলেন তারেক রহমান, ২৫ ডিসেম্বর দেশে ফেরার প্রস্তুতি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরার জন্য ট্রাভেল পাস পেয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে তিনি এই ট্রাভেল পাস গ্রহণ করেন। এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ট্রাভেল পাসের জন্য হাইকমিশনে আবেদন করেছিলেন তিনি।
রাজনৈতিক কারণে দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত থাকায় তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। সরকার পরিবর্তনের পর পাসপোর্ট নবায়নের সুযোগ থাকলেও তিনি সে আবেদন করেননি। বর্তমান প্রেক্ষাপটে দেশে ফিরতে হলে ট্রাভেল পাসের মাধ্যমেই তাকে আসতে হচ্ছে।
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন।
তাদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট আগামী বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

